দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, নির্বাচনে কে আসল বা কে আসল না সেটি নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারে সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এর আগে জাতীয় নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ ও মৌলভীবাজারের রিটানিং ও সহকারি রিটানিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ইসি মো. আনিছুর রহমান আরও বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে নির্বাচনের তফসিল পুননির্ধারন করার সময় ও সুযোগ রয়েছে। আজকের এ বৈঠকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার তাই করার পরামর্শ দেয়া হয়েছে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোন তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো। অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। কাজেই নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্কগুলো স্বাভাবিক থাকে এর জন্য সরকারের কাছে নির্দেশনা দেয়া হয়েছে।

কমিশনার বলেন, জনগণ যদি ভোট দেয়, সেটাই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করব।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজার জেলার রিটানিং অফিসার ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জ জেলার রিটানিং অফিসার দেবী চন্দ, দুটি জেলার সহকারি রিটানিং অফিসারসহ অনেকে।