বিএনপির শীর্ষ নেতাদের বিচারকাজে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতির সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু। এ কারণে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অভিযোগ উঠেছে সরকারের চাপে বিএনপির শীর্ষ নেতাদের জামিন হচ্ছে না- এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। কোনো মামলার বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করে না। এর চেয়ে আর বেশি কিছু বলব না। কারণ, সব মামলাই বিচারাধীন। আমি কোনো বিচারাধীন বিষয়ে মন্তব্য করি না।

এ ছাড়া একজন মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামির জামিন জালিয়াতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আমি দেখেছি। আশা করি এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।