বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানকে ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিলো নিউজিল্যান্ড। ফখর জামানের রেকর্ড সেঞ্চুরির পর বৃষ্টি আইনে ২১ রানের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে সেমির আশা টিকে রইলো বাবর আজমের দলের। ৮ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। সমান পয়ন্টে নিয়ে নেট রান রেটে এগিয়ে চার নম্বরে রয়েছে কিউইরা।
এর আগে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি এবং উইলিয়ামসনের ৯৫ রানের ওপর ভর করে ৪০১ রানের পাহাড় গেড় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে দলীয় ৬ রানেই উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৪ রানে টিম সাউদির বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এরপরই শুরু হয় ম্যাচের নতুন গল্প। পাক অধিনায়ক বাবর আজমকে সাথে নিয়ে ঝড় তোলেন ওপেনার ফখর জামান।
প্রথম ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তোলে পাকিস্তান। ১৪ দশমিক ৪ ওভারেই দলীয় একশো রান ছাড়ায় পাকিস্তান। ওপেনার ফখর মাত্র ৩৯ বলে তুলে নেন অর্ধশতক। এরপরই যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন এই ব্যাটার। পরের ৫০ রান পূর্ণ করতে খেলেন মাত্র ২৪ বল। অর্থাৎ ৬৩ বলেই তুলে নেন সেঞ্চুরি। এর মাধ্যমে পাকিস্তানিদের মধ্যে বিশ্বকাপের দ্রুত শতকের রেকর্ড নিজের নামে লেখান এই পাক ওপেনার। সেঞ্চুরি করার পথে তিনি ৯টি ছক্কা মারেন। ২০ ওভারেই আগেই দেড়শো ছাড়ায় পাকিস্তান। আর ইনিংসের ১৯ দশমিক ২ বলের সময়ই নিজের সেঞ্চুরির দেখা পান ফখর। অন্যদিকে দারুণভাবে তাকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক বাবর।
ইনিংসের ২১ দশমিক ৩ ওভারের সময় ম্যাচে বৃষ্টি হানা দেয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। এতে কমে আসে ইনিংসের দৈর্ঘ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রানের। বৃষ্টির পর আবার খেলা শুরু হয়। তবে ইনিংসের ২৫ দশমিক ৩ ওভারের সময় আবার হানা দেয় বৃষ্টি। দীর্ঘসময় অপেক্ষা করেও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত বৃষ্টি আইনে খেলা নিষ্পত্তি করেন ম্যাচ অফিশিয়ালরা। খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তান এক উইকেট হারিয়ে তোলে ২০০ রান। এতে ডিএল মেথডে ২১ রানে জয় পায় পাকিস্তান।
ম্যাচে ফখর ও বাবর আজম ১৪১ বলে ১৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ফখর ৮১ বলে ১২৬ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ইনিংসটি খেলতে তিনি ১১টি ছক্কা হাঁকান। তার ইনিংসে চারের মার ছিল ৮টি। অপরপাশে অধিনায়ক বাবর শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৩ বলে ৬৬ রানে। তিনি এই ইনিংস খেলার পথে ৬টি চার ও দুইটি ছয় মারেন।
এমন দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ফখর জামানের হাতেই।