বিএনপি নেতাকে ধরতে এসে তাকে না পেয়ে তার যমজ দুই ছেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার কারা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ শহ‌রের শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কি‌শোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাককে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে বাসায় থাকা তার দুই ছেলে শহীদুল ইসলাম অনিক ও মাকসুদুল ইসলাম আবিরকে ধরে নিয়ে যায় পুলিশ।

বিএনপি নেতা আশফাকের স্ত্রী নাজমা ইসলাম ব‌লেন, আমা‌দের ছে‌লে মাকসুদুল ইসলাম আবির অনার্সে পড়েন, আর শহীদুল ইসলাম অনিক এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। এরা রাজনীতির সাথে জড়িত নয়। পুলিশ বাসায় এসে তাদের বাবাকে ধরতে না পেরে ওদের নিয়ে যায়।

ত‌বে পু‌লি‌শের দা‌বি, হামলা ও ভাঙচু‌রের ঘটনায় দুই ছেলের বিরু‌দ্ধেও অভিযোগ রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, হরতাল ও অবরোধের সময় হামলা ও ভাঙচুরের মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল ইসলাম আশফাকের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

অব‌রো‌ধের সময় হামলা-ভাঙচু‌রের মামলায় তা‌দের গ্রেপ্তার দে‌খি‌য়ে কি‌শোরগঞ্জ কারাগা‌রে পা‌ঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লেও জানান তিনি।