প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ২৮ অক্টোবর ও ৩ নভেম্বর সরকার পতনে বিএনপি যে ডেটলাইন দিয়েছিল তা এখন জনগণের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে। বরং হরতাল-অবরোধ দিয়ে জ্বালাও-পোড়াও করে তারা দেশের অর্থনৈতিক ক্ষতি তো করছেই, সেই সঙ্গে নিজেদের গ্রহণযোগ্যতাও হারাচ্ছে।
শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে ৩৭১ কোটি টাকা ব্যয়ে কালীগঙ্গা নদীপারের মানুষের কাঙ্ক্ষিত বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। হরতাল-অবরোধ করে কখনো তারা ক্ষমতায় আসতে পারবে না।’
বাঁধ নির্মাণ প্রকল্প ছাড়াও ৫৪ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী সেতু প্রকল্পসহ আরো ১০১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সালমান এফ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ও উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মেদ ঝিলুসহ আরো অনেকে।