লক্ষ্য ৩৫৮ রান! পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো দুঃস্বপ্নের ব্যাটিং করছে শ্রীলঙ্কা। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির বোলিং তোপে স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।
এরপর স্কোরবোর্ডে ৫৫ রান তুলতেই গুঁটিয়ে যায় এশিয়া কাপের বর্তমান রানার্স-আপরা। এতে বিশ্বকাপে লজ্জার রেকর্ডে নাম তুলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তাদের আগে ২০০৩ বিশ্বকাপে কানাডা (৩৬ রান), ১৯৭৯ বিশ্বকাপেও কানাডা (৪৫ রান) ও ২০০৩ বিশ্বকাপে নাম্বিবিয়া (৪৫ রান) সর্বনিম্ন স্কোর শিটে নাম তুলেছিল।
বিশ্বকাপে ভারতের দেওয়া ৩৫৮ রানের রেকর্ড লক্ষ্য দাঁড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই ফর্মে থাকা নিশাঙ্কাকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরান বুমরাহ।
এরপর দলীয় ২ রানের মাথায় আবারও জোড়া ধাক্কা খায় এশিয়া কাপের রানার্স-আপরা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন করুণারত্নে ও সামারাবিক্রামা। তাদের ফিরিয়ে জোড়া উইকেট নিজের ঝুলিতে পুড়েন সিরাজ।
এরপর পরেই ওভারে আবার ধাক্কায় খায় লঙ্কানরা। ব্যক্তিগত ১ রানে আউট হয়ে ক্রিজ ছাড়েন মেন্ডিস। তাকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ সিরাজ।
দলীয় ৩ রানেই মাথায় ৪ টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে বেশ চাপে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসালাঙ্কা। তবে তা আর হয়নি। শেষ পর্যন্ত ৫৫ রানেই থেমেছে লঙ্কানরা।
ভারতের হয়ে মোহাম্মদ শামি পাঁচটি, সিরাজ তিনটি এবং বুমরাহ ও জাদেজা একটি করে উইকেট শিকার করেছেন।