জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান সিইসিসহ চার নির্বাচন কমিশনার। সাক্ষাতের সময় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন।

সিইসি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিচারকরা ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। কিন্তু এবার নির্বাচন চলাকালীন (ডিসেম্বর মাস) সিভিল কোর্টের বিচারকরা ছুটিতে থাকবেন। তাই প্রধান বিচারপতিকে জানিয়েছি, ওই সময়ে বিচারকরা যেন দায়িত্ব চলমান রাখেন। আর জানুয়ারি মাসে তো বিচারকরা আগের মতো করেই দায়িত্ব পালন করবেন। এতটুকুই আলোচনা হয়েছে।