পোশাকশিল্প নিয়ে যারা সহিংসতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ নভেম্বর) সকালে রংপুরের নবীগঞ্জে অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে। এখন যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এরপর যে কারখানায় এমন অরাজকতা চলবে তা বন্ধ করে দেওয়া হবে।

নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এরইমধ্যে ১৫ কোটি ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে ডিম আমদানি হবে।

পেঁয়াজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রফতানিতে দর বেঁধে দিয়েছে। এরপর আমাদের ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০-১১৫ টাকা হয়ে যায়। এছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও একমাস একটু কষ্ট হবে।

আলু আমদানিতেও মন্ত্রণালয় তৎপর আছে জানিয়ে মন্ত্রী বলেন, আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন তাদের সহায়তা করা হবে।