ভারতের খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার ছিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন বাংলা ভাষাটা কিছুটা শিখেছিলেন তিনি। বাংলা ভাষা জানা থাকায় একবার বাংলাদেশ দলকে বোকাও বানিয়েছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

মাঠের মধ্যে ক্রিকেটাররা মাতৃভাষাতেই কথা বলে থাকেন। তাই একবার ভারত-বাংলাদেশ ম্যাচে সাকিব আল হাসানরা বাংলাতেই একে অপরের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় কান পেতে প্রতিপক্ষর সব কথা শোনেন ধোনি। সাকিবরা মোটেই টের পাননি সব শুনছেন বা বুঝছেন মাহি। কী কৌশলে ভারতকে পরাস্ত করতে চাইছে বাংলাদেশ তাও বুঝেছিলেন ধোনি। ম্যাচের পর টাইগাররা জানতে পেরেছিলেন, আসলে মাঠের মধ্যে তাদের সব কথাই ধোনি শুনেছেন এবং বুঝেছেনও। সম্প্রতি এমন ঘটনার কথা জানিয়েছেন মাহি।

চলতি বিশ্বকাপে ধোনি গিয়েছিলেন কলকাতাতে। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হয়ে গিয়েছিলেন। সেখানে প্রতিষ্ঠানটির প্রচারের মাঝে বাংলা জানার ঘটনাটি শেয়ার করেন ধোনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে তারা অবাক হয়ে গিয়েছিলো। তারা পড়ে বুঝতে পারে আমি বাংলা জানি।’

বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। জিতেছেন ২৫ ম্যাচ। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার। তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি আইসিসির তিনটি বিশ্বকাপই (টি-টোয়েন্টি বিশ্বকাপ, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি) জয় করেছেন।

https://twitter.com/i/status/1719026398311166338