কিছুদিন ধরেই চুমু কাণ্ডে বিভক্ত ফুটবল বিশ্ব। গত আগস্টে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ওই দলের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে বিশ্বকাপ ফাইনালের পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস।

সেই কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়ে আরএফইএফ সভাপতির পদ থেকে পদত্যাগও করতে হয়েছিল রুবিয়েলেসকে। অবশেষে সেই ঘটনায় বড় শাস্তিই হলো আলোচিত-সমালোচিত সেই ফুটবল সংগঠকের। চুমুকাণ্ডের জেরে রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ সময় সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি।

সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তারা জানায়, মেডেল পরানোর অনুষ্ঠানে রুবিয়েলেসের কাণ্ড ডিসিপ্লিনারি কোডের ১৩ অনুচ্ছেদ ভাঙার অপরাধ। তাই তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ অগাস্ট সিডনিতে মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেনের ঐতিহাসিক সাফল্যের খুশি মাটি হয়ে যায় দেশের ফুটবলের সর্বোচ্চ পদে থাকা রুবিয়ালেস অযাচিত চুমু। পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস।

ফুটবলার জেনি হারমোসো এই চুম্বণ কাণ্ডকে ভালভাবে মেনে নেননি। এরপরই শুরু হয় জোর বিতর্ক। রুবিয়ালেস নিজের জেদে অটল থেকে পদ আঁকড়ে পরে থাকতে চান। কিন্তু বিক্ষোভের চাপে তাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পদ থেকে সরতে হয়।