ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমান দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো কোনো বিমান বিধ্বস্ত হলো।
সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, বিমানটির আঘাতে আগুন জ্বলে ওঠে এবং পেরু ও বলিভিয়ার সঙ্গে ব্রাজিলের সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে বনে অগ্নিকাণ্ড ঘটে।
অ্যাক্রে রাজ্য সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু যাত্রী এবং পাইলট ও সহপাইলট ছিলেন। এই ১২ জনের সবাই ঘটনাস্থলে মারা গেছেন। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে।
আল জাজিরা বলছে, বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে।
কর্মকর্তাদের মতে, প্রবল বৃষ্টিতে কম দৃশ্যমানতার মধ্যে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়।