বিএনপি আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অনুমতি না পেলেও শনিবার (২৮ অক্টোবর) জামায়াত রাজধানীর আরামবাগে সমাবেশ করে। পরে আবার তারা হরতালও আহ্বান করে।

বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কি না জানতে চাওয়া হয়।

এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি কী মনে করেন? বাঘা বাঘা যুদ্ধাপরাধীদের বিচার করল যে সরকার, তার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন করা। আবারও বলবো, সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে এসেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী নয় বলে তারা রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করছে। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন করা। আমরা কারও সঙ্গে সংঘাতে যাব না। আবারও বলবো, সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিন।

ওবায়দুল কাদের আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীও তাদের হাতে নিরাপদ নয়। আমরা তাদেরকে এখনও বলব, এই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসুন। ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।