বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে এসে ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারায় জনসভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, লাঠিসোঁটা, রড় ও চাল-ডালের বস্তা নিয়ে তারা মাঠে নেমেছেন। এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনো আপস নয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘লাঠিসোঁটা, রড়, চাল-ডাল ও আঠার বস্তা নিয়ে তারা মাঠে নেমেছে। এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনো আপস নয়। এরা দুর্নীতিবাজ। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এরা অর্থ পাচারকারী। এদের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।’

সামনে কোয়াটার ফাইনাল মন্তব্য করে কাদের বলেন, ‘জানুয়ারিতে ফাইনাল। আমরা সবাই প্রস্তুত, সবাই ঐক্যবদ্ধ। খেলা হবে। আজকে চট্টগ্রামেও খেলা; ঢাকাও খেলা। খেলা হবে তাহলে। সব রেডি তো সবাই। ঢাকায় বিএনপি মহাসচিব ফখরুল সাহেব অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছেন।’

কাদের বলেন, টানেল তো ভারত, নেপাল, শ্রীলঙ্কায় হয়নি। শুধু বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে হয়েছে। কে করেছে? শেখ হাসিনা করেছেন। যতদিন টানেল থাকবে, ততদিন শেখ হাসিনার নাম থাকবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে চায়ের দোকানে বসে যারা সমালোচনা করবেন; তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের শৃঙ্খলা মানতে হবে, না হলে খেলায় জেতা যাবে না। আমরা আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ণ। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে। সবার আমলনামা দলীয় সভাপতির কাছে জমা আছে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দোয়া ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে রওনা দেয়। বেলা ১২টা ১ মিনিটে প্রথম ব্যক্তি হিসেবে টানেলে টোল দেন প্রধানমন্ত্রী। তার কাছ থেকে টোল গ্রহণ করেন ঝুমুর আক্তার নামে এক নারী। উদ্বোধন ও টোল প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশে রওনা দেয়।