জাতীয় নির্বাচনে অনিয়ম বন্ধ করা না গেলে প্রয়োজনে পুরো দেশের ভোট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

এ সময় নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি বলেও মন্তব্য করেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, আয়োজক হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। প্রত্যাশা প্রথম থেকেই ছিল কিন্তু এখনও নির্বাচনের অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।

নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে প্রিজাইডিং অফিসারের কেন্দ্র ত্যাগের কথা বলেন সিইসি। ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।