ঘূর্ণিঝড় হামুন আজ রাত ১০টা নাগাদই আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তাই রাত ৮টার মধ্যেই ১০ জেলার অন্তত ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (অক্টোবর ২৪) দুপুরে ঘূর্ণিঝড় হামুন নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, হামুন অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তাই ৪২টি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো খাদ্য ও শিশু খাদ্যের জন্য ১ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় হামুনের কারণে ১০টি উপকূলীয় জেলাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। জেলাগুলো হলো- পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

তবে হামুন প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানলেও অন্যবারের তুলনায় সহজে মোকাবেলা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আজকের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও উপকূলীয় অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মাকর্তারা কাজ করছেন।