পটুয়াখালী-১ শূন্য আসনে আগামী ২৬ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (অক্টোবর ২৪) নির্বাচন ভবনে কমিশনের সভায় এই উপ-নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন পটুয়াখালীর জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, পটুয়াখালী সদর ও দুমকী উপজেলা নির্বাচন কর্মকর্তা।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৩ থেকে ৭ নভেম্বর। আপিল নিষ্পত্তি হবে ৮ নভেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গত শনিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।