অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে বল দখলে আধিপত্য বিস্তার করেও জাল কাঁপাতে পারছিল না বার্সেলোনা। শেষ দিকে তাদের কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন অভিষেকে বদলি হয়ে খেলতে নামা ১৭ বছর বয়সী মার্ক গিইউ। তরুণ এই ফরোয়ার্ডের গোলেই বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।
আগের ম্যাচের ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। কিন্তু গোলের জন্য হাসফাঁস করছিল তারা। ফলে মার্ক গিইউর গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ল জাভি হার্নান্দেজের দল।
৮০তম মিনিটে ব্যবধান গড়ে দেন গিইউ। ফেরমিন লোপেসের বদলি নামার পরপরই মহামূল্যবান গোলটি করেন তরুণ এ ফরোয়ার্ড।
এই জয়ের পর ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৩ এ উঠে এসেছে বার্সেলোনা। ২৫ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রেয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা।
চোটের কারণে এদিন ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও রবার্ট লেভান্ডোভস্কিদের দলে রাখেনি বার্সেলোনা। যদিও জোয়াও ফেলিক্স, ফেরান তোরেস, ফারমিন লোপেজদের নিয়ে গড়া আক্রমণভাগ বিলবাও রক্ষণে চাপ তৈরি করতে পেরেছে। ম্যাচের ১০ মিনিটে ফেলিক্সের একটি শট বারে লেগে ফিরে আসে। দুবার তাকে গোলবঞ্চিত করেন বিলবাও গোলকিপার উনাই সিমোন।
জাভি হার্নান্দেজের দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮০ মিনিট পর্যন্ত। সেখানে বদলি নেমে ব্যবধান গড়ে দেন গিইউ। তাতে এই শতাব্দীতে বার্সায় অভিষেকে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করার কীর্তি গড়েছেন তিনি।