বাংলাদেশি সমর্থকের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় কিছু সমর্থক। পুনেতে ভারত-বাংলাদেশ ম্যাচের দিন হেনস্তার শিকার হন শোয়েব আলি নামে বাংলাদেশি এক সমর্থক। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ভারতীয় সমর্থকরা।
এ ম্যাচ শেষে গ্যালারির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, শোয়েবের হাতে থাকা খেলনা বাঘের লেজ ধরে টানাটানি করছেন কয়েকজন ভারতীয় সমর্থক। এ সময়ে শোয়েবকে ঘিরে নানানভাবে হেনস্তাও করছিলেন তারা। তাদের প্রত্যেকের গায়েই ছিল ভারতীয় দলের জার্সি। টানা-হেঁচড়ার একপর্যায়ে খেলনা বাঘটিকে নষ্ট করে ছুড়ে ফেলেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। ভারতীয় সমর্থকদের এমন আচরণের জন্য সমালোচনাও করেন অনেকেই। শোয়েব নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার তিক্ত অভিজ্ঞতার বিষয়ে জানান।
শোয়েবের ভাষ্য, ভারতের সমর্থকদের থেকে কখনোই এইরকম পরিস্থিতি আশা করিনি। ভারতের আইকনিক ফ্যান সুধীর-বাবুরামরাও তো আসে আমাদের দেশে। তারা জানে তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি। তারাও তো আমাদের বন্ধু।
তিনি আরও জানান, ভারতীয় সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি কি বলব—আমার বুকটা ফেটে যায়। এই রকম কেউ কিছু করবেন না, কখনোই করবেন না। খেলায় হার-জিত থাকবেই। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সবাই ভদ্রভাবে খেলা দেখা, সাপোর্ট করবেন।
এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের ভাষ্য, এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়। পুনের দর্শকদের কয়েকজনের ওই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে।
এ ঘটনায় ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন বেশ কিছু ভারতীয় সমর্থক।