চারদিকে ঢাকঢোলের শব্দ আর আলোয় আলোয় মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। আর মাত্র কয়েক দিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যে দুর্গাপূজাকে ঘিরে চলছে নানান আয়োজন।

শনিবার (২১ অক্টোবর) ছিল সপ্তমী। এ দিন অন্য সবার মতো বলিউড অভিনেত্রী কাজলও বিভিন্ন পূজামণ্ডপগুলো দর্শন করছেন, আনন্দ করছেন। তবে এর মাঝেই তার সঙ্গে ঘটে গেল এক দুর্ঘটনা। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, কাজলের পরনে গোলাপী রঙের শাড়ি, কানে দুল। চুলের খোপায় গোঁজা ফুল, সঙ্গে হালকা মেকআপে যেন বেশ নজরকাড়া লুকে সেজেছেন তিনি। এমন সাজে পূজামণ্ডপের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। হাঁটতে হাঁটতে মুঠোফোনে কিছু একটা করছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন কাজল।

সিঁড়ির সামনে দাঁড়ানো ছিল কাজলের ছেলে, বোন তানিশা ও অন্য মানুষজন। তাকে এই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন কাজলের বোন তানিশা। দ্রুত অভিনেত্রীকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেন তিনি।

তবে এ ঘটনায় কাজল গুরুতর আঘাত পেয়েছেন কিনা সেটা এখনও জানা যায়নি। তবে বেশ উঁচু থেকে পা পড়ায় ধারণা করা হচ্ছে, কম হলেও ব্যথা পেয়েছেন তিনি। মুখার্জি বাড়ির দুর্গাপূজার আলাদা নামডাক রয়েছে, মূলত সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

শুধু কাজল নন, মুখার্জি বাড়ির পূজায় হাজির হয়েছিলেন রানি মুখার্জিও। এ ছাড়া আরও উপস্থিত হয়েছিলেন কিয়ারা আদভানি। সালোয়ার-কামিজে ট্রাডিশনাল লুকে রানির পাশে দাঁড়িয়ে পোজ দেন কিয়ারা। কাজল-রানির পূজায় নজর কাড়েন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তও।

প্রসঙ্গত, কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’। গত ২৯ জুন মুক্তি পেয়েছে এটি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’র ভারতীয় সংস্করণ এটি। এ সিরিজে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল।

সূত্র : আনন্দবাজার