সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার (২০ অক্টোবর) এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‌‌’আপনার সাম্প্রতিক মেডিক্যাল সার্জারির বিষয়ে আমি অবহিত হয়েছি এবং অস্ত্রোপচারের পর আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত।’

দ্রৌপদী মুর্মু ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান।

তিনি আগামী দিনগুলোর জন্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাষ্ট্রপতিকে শুক্রবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেছেন, রাষ্ট্রপতি ভালো আছেন।

গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।