শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে আসন্ন জাতীয় নির্বাচন এবং সব ধরনের শঙ্কা মাথায় রেখেই সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পোশাক পরিহিত র‍্যাব, পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্রে ছাড়া বাকি সবগুলো পূজা কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় সবাইকে পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি।