তন্ময় রনোঃ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতির কলঙ্ক মোচনের আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন।
বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের জাতীয় শোক দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বিভিন্ন দেশে অবস্থান করছে। তাদেরকে দ্রুত ফিরিয়ে এনে
ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে জাতি কলঙ্কমুক্ত হবে না।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার বিজয়ী করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাদের কবল থেকে দেশকে মুক্ত করতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এজন্য ছাত্রলীগকে অতীতের ন্যায় আবারো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সৈয়দ মিজানুর রহমান বলেন, জামাত শিবির দেশকে আবারো অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই তারা দেশের বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মীর ওপর জঙ্গি হামলা করছে। ঢাকা শহরে যেখানে শিবির পাওয়া যাবে তাদের প্রতিহত করা হবে। একই সাথে আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে জামাত শিবিরের ওপর প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন সাচ্চু, তাসভীরুল হক অনু প্রমুখ।