ফুটবল জগতের সবচেয়ে সম্মানের পুরস্কার ব্যালন ডি’অর। আগামী ৩০ অক্টোবর বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে মর্যাদাবান এই পুরস্কারটি।

কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? এ নিয়ে গুঞ্জন চলছে বছরের শুরু থেকেই। কারো চোখে রেকর্ড অষ্টমবারের মতো মর্যাদাবান এই পুরস্কারটি উঠতে যাচ্ছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির হাতে।

আবার কেউবা এগিয়ে রাখছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও।

কে হচ্ছেন সেরা ফুটবলার সেটি আনুষ্ঠানিকভাবে জানতে এখনও অপেক্ষা প্রায় ১৩ দিন। কিন্তু প্রায় দুই সপ্তাহ আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দারিও স্পোর্টস’ পুরুষ ও নারী ব্যালন ডি’অর জয়ীদের নাম ঘোষণা করেছে।

সেখানে বলা হয়েছে মেসির হাতেই উঠছে যাচ্ছে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর। পাশাপাশি নারী বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার আইতানা বোনমাতিও সঙ্গী হবেন মেসির।

যদি এমনটি হয় তবে এটি হবে মেসির অষ্টম ব্যালন ডি’অর। আর বোনমাতিওর হবে প্রথম।

প্রতিবারই ব্যালন ডি’অর ঘোষণার আগ মুহূর্তে এমন অনেক খবর চাউড় হয়। কিছু শেষ পর্যন্ত মিলে যায়, কিছু আবার গুঞ্জন হিসেবেই থেকে যায়।