ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ২ নভেম্বর। এর আগে ৩১ অক্টোবর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এবার বিপিএলে অংশ নিবে আটটি দল। ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে তা নিশ্চিত। তবে সিলেটে খেলা আয়োজন করবে কি করবে না তা নিয়ে দ্বিধায় রয়েছেন আয়োজকরা। ঢাকা ও চট্টগ্রাম স্টেডিয়াম হাউসফুল করতে এবার টিকেটের দাম সর্বনিম্ন একশত টাকা করা হচ্ছে।
গত বছর শুরুতে সর্বনিম্ন টিকেটের মূল্য ছিল দুইশত টাকা। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া না পাওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল টিকেটের মূল্য একশত টাকা কমিয়ে দেয়। দাম কমানোর পর দর্শকদের মাঠের উপস্থিতি বাড়তে থাকে। তাই এবার শুরু থেকেই সুলভ মূল্যে বিপিএলের টিকেট পাওয়া যাবে। নিশ্চিত করেছেন বিপিএলের পরিচালক ও গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
গুলশানে নিজ অফিস কার্যালয়ে শেখ সোহেল বলেন, ‘দর্শকদের কথা বিবেচনা করে আমরা বিপিএলের টিকেটের মূল্য নির্ধারণ করছি। মাঠে বসে যেন বেশি সংখ্যক দর্শকরা খেলা দেখতে পারে সেদিকে আমাদের নজর। এজন্য গ্যালারির টিকেট ৩০০, ২০০ এবং ১০০ করার চিন্তা করেছি। এর নিচে আর যাবে না। আবার এর উপরেও নেওয়া সম্ভব না। সুলভ মূল্যে যেন টিকেট পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
একই মাঠে প্রতিদিন খেলা হওয়ায় প্রতিদিন একই দর্শক মাঠে যাচ্ছে বলে মনে করেন শেখ সোহেল। লাইনে দাঁড়ানোর পাশাপাশি গতবারের মতো এবারও বিপিএলের টিকেট পাওয়া যাবে অনলাইনে। এদিকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের সংগীত শিল্পী আরজিত সিংকে নিয়ে আসছে আয়োজকরা। এছাড়া অভিনেত্রী কারিনা কাপুর ও শিল্পা শেঠীর সঙ্গে কথা চালাচ্ছে আয়োজকরা।