আজ বিশ্ব ট্রমা দিবস। শরীরে বা মনে সৃষ্ট কোন আঘাতকে চিকিৎসকরা ট্রমা বলে অভিহিত করেন। পথ দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, হিংস্রতা, শারীরিক মানসিক নির্যাতনে আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১৭ অক্টোবর এই দিবসটি পালন করা হয়।
২০১১ সালে প্রথমে ভারতে ট্রমা দিবস পালন করা হয়। ২০২১ সালে বাংলাদেশেও দিবসটি পালন শুরু হয়।
ট্রমা দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় বা থিম হলো- “মানিয়ে নেয়া, সহনশীলতা ও ট্রমার প্রভাব কাটিয়ে ওঠা”।
বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয়। আহত হয় ৫ কোটিরও বেশি মানুষ। উন্নয়নশীল দেশে ৫০ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আহত মানুষের সেবা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে।
সাম্প্রতিককালে ট্রমার সবচেয়ে বড় কারণ হলো সড়ক দুর্ঘটনা। এরমধ্যে উদ্বেগজনক বিষয় হচ্ছে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা- এসব কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে। এমন দুর্ঘটনার সংখ্যা কমানো গেলে হয়তো ট্রমা কিছুটা হলেও হ্রাস পাবে।