গাজায় ইসরাইলি বাহিনী বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি এক কর্মকর্তাসহ একই পরিবারের ১৬ জন কে হত্যা করেছে। তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিনি মিডিয়া অফিস।

সোমবার (১৬ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, নিহত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আল-নাজ্জার। তিনি দখলদার ইসরাইলি সরকারের সংঘটিত অপরাধের নথিপত্র এবং বিচারের জন্য জাতীয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

ফিলিস্তিনি মিডিয়া অফিস জানায়, ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনের এক কর্মকর্তাসহ তার পরিবারের ১৬ সদস্য প্রাণ হারিয়েছেন।

তবে এখন পর্যন্ত জানা যায়নি গাজার কোন স্থানে এ বোমা হামলা হয়েছে। তবে বেশ কিছুক্ষণ আগে আল জাজিরার অ্যারাবিক ভার্সন জানায়, খান ইউনিসে একটি বাসভবনে বিশাল এ বোমা হামলা হয়েছে।

গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাতে এ পর্যন্ত ইসরাইলের ২৮৬ সেনাসহ ১৪শ লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এছাড়া বহু মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা।

অন্যদিকে, ইসরাইলের পাল্টা হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত আড়াই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।