আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ আহ্বান জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেছেন।

ওই সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বলেছে, বাংলাদেশ গাজায় ক্রমবর্ধমান বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা জানায়।

গাজায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ, যাতে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

মানবিক বিপর্যয় এড়িয়ে ওই অঞ্চলে ন্যায্য, স্থায়ী সমাধান ও শান্তির জন্য জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের (ইউএনএসসি) রেজল্যুশনের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এক সপ্তাহ পর উভয় পক্ষে নিহতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ ইসরায়েলি এবং ২ হাজার ২১৫ ফিলিস্তিনি রয়েছে।