বাঁ-হাতের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই ভারতের বিমানে ওঠার কথা আছে তার। যা কিনা আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে হতশ্রী ব্যাটিং করা অজিদের জন্য সুসংবাদই বটে।
গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান হেড। এরপরই তার চিড় ধরা পরে তার হাতে। চোট আক্রান্ত হলেও ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটারকে বিশ্বকাপ স্কোয়াড থেকে থেকে বাদ দেয়নি অজিরা। আসরের মধ্যভাগে তাকে পাওয়ার প্রত্যাশা করা হয়েছিল।
তবে দলের সঙ্গে তাকে ভারতে নেওয়া হয়নি। দেশেই সেরে ওঠার প্রক্রিয়া চালিয়েছেন তিনি। এবার বিশ্বকাপের মাঝপথেই ফেরার অপেক্ষায় তিনি।
রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে হেডের ভাষ্য, সবকিছু ভালোমতো হচ্ছে। আমরা যে রকমটা আশা করেছিলাম, সম্ভবত তার চেয়ে ভালোভাবে। যখন আমরা সিদ্ধান্ত নিই অস্ত্রোপচার না করানোর— করলে সেরে উঠতে ১০ সপ্তাহ সময় লেগে যেত এবং আমাদের বলা হয়েছিল, আবার খেলা শুরুর আগে অন্তত ৬ সপ্তাহ হাতে স্প্লিন্ট (ভাঙা হাড় যথাস্থানে আটকে (বন্ধনফলক) রাখতে হবে।
এদিকে বৃহস্পতিবার অ্যাডিলেড থেকে ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে হেডের। তবে পরদিন বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলবেন না তিনি। আগামী ২৫ অক্টোবর অজিদের পরের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষেই তার খেলার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন হেড। চলতি বছরে ১৬ ইনিংসে ৬০ দশমিক ৮৪ গড়ে ও ১১৯ দশমিক ৮৪ স্ট্রাইক রেটে তার রান ৭৯১। দুটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফ-সেঞ্চুরিও করেছেন অজি এই ব্যাটার।