বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিতে কোনো সেল করা হয়নি, মামলা জট কমাতে যে সেল করা হয়েছিল সেটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ইনস্টিটিউটে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ সময় রাজনৈতিক দলের মধ্যে সংলাপের বিষয়ে তিনি বলেন, সংলাপে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ ছাড়াও সম্প্রতি নিম্ন আদালতের বিচারককে সাজা দেওয়ায় যে ভুল বোঝাবুঝির তৈরি হয়েছিল সেটি নিরসনে ব্যবস্থা নেওয়ার হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।

তিনি এ সময় প্রশিক্ষণ নেওয়া বিচারকদের উদ্দেশে বলেন, সততা, ন্যায় বিচার নিশ্চিত ও মামলা জট কমানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। যাতে দ্রুততম সময়ের মধ্যে আস্থার সঙ্গে বিচার শেষ করতে হবে।