কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী নেজামুল ইসলাম মোজাহিদসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ. এম সাজ্জাদ হোসেন।
গ্রেফতার আসামিরা হলেন: পেকুয়ার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নেজামুল ইসলাম মুজাহিদ (২৮), একই এলাকার মৃত নুরুন্নবীর ছেলে আমিরুজ্জামান (২৮) ও মৃত নুরুন্নবীর ছেলে জামিল ইব্রাহিম ছোটন (২৫)।
সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ. এম সাজ্জাদ হোসেন বলেন, গেল ১০ অক্টোবর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও এ ঘটনায় আবু ছৈয়দের স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন।
এ ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ অক্টোবর) মধ্যরাতে অভিযান চালিয়ে পেকুয়ার আফজালিয়াপাড়ায় আত্মগোপনে থাকা মামলার দুই নম্বর আসামি ও প্রধান পরিকল্পনাকারী নেজামুল ইসলাম মোজাহিদসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন আসামিরা।
পলাতক অন্য আসামিদেরকে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।