ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা, জনশৃঙ্খলা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে।

শুক্রবার (১৩ অক্টোবর) পূর্বাচল নতুন শহরে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্ত মহড়ায় ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি মহড়া পর্যবেক্ষণ করেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার প্রতি গুরুত্বারোপ করেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠাণ্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, আমরা তাদেরই উত্তরাধিকারী। অতীতে যত চ্যালেঞ্জ এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সঠিকভাবে তা মোকাবিলা করেছে।

মহড়ায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।