নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারীর লালবাগের বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশের একটি দল।

শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তারর বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুক লাইভে নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারীর বাসা ডিবি ও থানা পুলিশ ঘেরাও করে রেখেছে বলে দাবি করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এরপর এক ভিডিও বার্তায় মিজান বেপারীর ছেলে তুহিন অভিযোগ করেন, রাত তিনটা থেকে পুলিশ বাসার সামনে অবস্থান নিয়ে দরজা ভাঙার চেষ্টা ও গালিগালাজ করছে।

তুহিন বলেন, পুলিশ সদস্যরা জানায় বাবাকে গ্রেপ্তার করা হবে। তবে এই ভবন কমিটির সাবেক সভাপতি আনিসের সঙ্গে পুলিশ সদস্যদের কথা হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমার বাবার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। এছাড়া বাবা আগের সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও গ্রেপ্তার করতে এসেছে পুলিশ।

এ ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন- কোনো গ্রেপ্তার, হামলা, মামলা করে এ সরকারের পতন ঠেকানো যাবে না। আমরা এদেশের জনগণের জন্য মাঠে আছি, আন্দোলনের মাধ্যম দিয়েই এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার উপহার দেব। এর আগে জাতীয়তাবাদের সৈনিকরা একজনও মাঠ ছেড়ে যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল গণতন্ত্রকামী রাজ বন্দির নিঃশর্ত মুক্তি চাই।

জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হেলাল উদ্দিন বলেন, মিজান ব্যাপারীর লালবাগের বাসায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সেখানে ডিবির কেউ ছিল না। মিজান ব্যাপারীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।