পদ্মাসেতুর রেল রুট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে টিকিট কেটে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

এ সময় কাউন্টার থেকে টিকিট কাটেন তারা। পরে প্রধানমন্ত্রীর পতাকা ওড়ানো ও বাঁশি বাজানোর পর দুপুর ১টার দিকে চলতে শুরু করে ট্রেন।

এর আগে সকালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধন করতে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে ৮২ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এই রেলপথের উদ্বোধন করেন তিনি।

দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শেখ হাসিনা। পদ্মা রেল সেতু উদ্বোধন উপলক্ষ্যে ভাঙ্গায় কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে হবে এই জনসভা।

এরপর বিকেল ৪টায় ভাঙ্গা থেকে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। সাড়ে ৫টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে থাকবেন টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে।