গত বছর থেকে কয়েক দফায় হত্যার হুমকি পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ফলে তাকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে ভারতের মহারাষ্ট্র পুলিশ প্রশাসন। এবার নাকি হত্যার হুমকি পাচ্ছেন সালমানের ঘনিষ্ঠ বন্ধু বলিউড বাদশাহ শাহরুখ খানও! ফলে তার জন্যও ওয়াই প্লাস নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সালমান খানের বিরুদ্ধে সিনেমার শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সে কারণে তাকে দফায় দফায় হত্যার হুমকি দিয়ে আসছে বিষ্ণোই সম্প্রদায়। কিন্তু শাহরুখ খান কী এমন অপরাধ করেছেন? তাকে কেন হত্যার হুমকি দেওয়া হচ্ছে? চারদিকে এখন এই একটিই প্রশ্ন।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছরে পরপর দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন কিং অব রোমান্স শাহরুখ খান। সেটাই নাকি চক্ষুশূল হয়েছে এক শ্রেণির লোকের। তারাই হত্যার হুমকে দিচ্ছেন। খবরে এমন দাবিও করা হয়েছে, শাহরুখ নাকি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

যদিও কোন মারফত, কাদের কাছ থেকে বলিউড কিং হত্যার হুমকি পেয়েছেন, তা উল্লেখ করা হয়নি। ইতোমধ্যে নাকি শাহরুখ খানের জন্য ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে।

এক্ষেত্রে শাহরুখ সবসময় তার দেহরক্ষী হিসেবে ছয় জন পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। ভারতজুড়ে তাকে নিরাপত্তা দেওয়া হবে। কিং খানের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে এমপি-ফাইভ মেশিনগান, একে ফোরটি সেভেন অ্যাসল্ট রাইফেল এবং গ্লোক পিস্তল।

শুধু তাই নয়, শাহরুখের বাড়ি মান্নাতেও পাহারা দেবে চার জন সশস্ত্র পুলিশ। তবে নিরাপত্তার এই খরচ অভিনেতাকেই বহন করতে হবে। কারণ ভারতে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা যায় না, তাই এটি পুলিশি নিরাপত্তা হতে হবে এবং তাদের খরচও বহন করতে হবে।

ভিআইপি নিরাপত্তার স্পেশাল আইজিপি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, ‘এই হুমকির পরিপ্রেক্ষিতে সিনে অভিনেতা শাহরুখ খানকে ওয়াই প্লাস নিরাপত্তার এসকর্ট স্কেল দেয়ার অনুরোধ করা হচ্ছে। ইউনিট কমান্ডারদের অর্থ দেবেন অভিনেতা। পরবর্তী উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ এবং পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। তার সফর চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই নিজেদের এখতিয়ারে থাকুন।’

২০২২ সালের নভেম্বরে প্রকাশ্যে গুলি করে মারা হয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে। তার কয়েকদিন পর থেকেই ওই হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দিতে থাকে। ফলে তার নিরাপত্তা এক্স বিভাগ থেকে ওয়াই প্লাস-এ আপগ্রেড করা হয়। এবার একই ব্যবস্থা শাহরুখের জন্যও।

কাজের ক্ষেত্রে চার বছরের লম্বা বিরতির পর চলতি বছরের জানুয়ারিতে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ নিয়ে হাজির হন শাহরুখ খান। সেটি বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা করে। এরপর সেপ্টেম্বরে আসে ‘জওয়ান’। সেটির আয় ইতোমধ্যে ১১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

এদিকে ডিসেম্বরে আরও একটা বিগ বাজেটের সিনেমা আসার কথা রয়েছে শাহরুখ খানের। সেটির হলো রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। সেখানে প্রথমবার শাহরুখের নায়িকা তাপসী পান্নু। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো শাহরুখের ‘ডাঙ্কি’ও মেগাহিট হবে বলে ভবিষ্যদ্বাণী সিনে বিশেষজ্ঞদের।