আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মিশন শুরু করেছে বাংলাদেশ। চলতি আসরের তৃতীয় ম্যাচে আফগানদের ১৫৬ রানে গুঁড়িয়ে দেয় টাইগাররা। এদিন রশিদ-মুজিবদের অল্প রানে গুটিয়ে দেওয়ার পেছনে বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। তবে এসবের মাঝেও নিজের ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আফগানদের ১৫৬ রানে অল-আউট করার দিনে দুর্দান্ত বোলিং করেন সাকিব। ৮ ওভারে ৩০ রান খরচায় সাকিবের শিকার ৩ উইকেট।
এদিকে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে চলতি বিশ্বমঞ্চে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে তিনে ছিলেন সাকিব। আফগান বিপক্ষে ম্যাচের আগে বিশ্বমঞ্চে ৩৪ উইকেট পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আফগান বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ৩৭।
আর এতেই বিশ্বমঞ্চ মাতানো স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গেছেন এই বাঁহাতি স্পিনার। আফগানদের বিপক্ষে ম্যাচের পর নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়িয়ে গেছেন সাকিব।
৪০ উইকেট নিয়ে এই তালিকায় দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। এ ছাড়া ৬৮ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।