যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডন থেকে ফেরার পথে সরকারপ্রধান ইন-ফ্লাইট যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন৷ ফ্লাইটে ভ্রমণ করা শিশুদের কোলে নিয়ে কিছু সময় কাটান তিনি৷ বিমানবালাদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে বঙ্গবন্ধু কন্যাকে৷
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) লন্ডন সময় রাত ৯টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।