এম.কে. তোহা, ঢাকাঃ জয়িতা নারী উন্নয়ন সংগঠন প্রদত্ত জয়িতা এ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করলেন ঢাকাই সিনেমার লাস্যময়ী ও সুহাসিনী খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সারা জেরিন। বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ এ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাঁর হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এস এম মুজিবুর রহমান ।

চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে কাজ শুরু করেন সারা জেরিন। প্রথম সিনেমায় সাইমন সাদিককে তিনি নায়ক হিসেবে পান। এরপর তার অভিনীত ‘রোমিও’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘তোমার জন্য মন কাঁদে’ নামের ছবিগুলো মুক্তি পায়। ২০১৬ সালের পর বিরতি টানেন সারা জেরিন। তবে সারা জেরিনের অনবদ্য অভিনয় ও সাথে প্রাঞ্জল উপস্থাপন ভঙ্গি তাকে রাতারাতিই এনে দেয় তুমুল জনপ্রিয়তা।

তবে একের পর এক অভিনয়ের অফার আসতে শুরু করলেও রহস্যময় কারণে নিজেকে কিছুটা আড়ালই করে নেন তিনি। তাঁর বিনয়ী আচরণ এবং স্বল্প বাক্যে কথা বলার ধরণ সহজেই অন্য সবার চেয়ে আলাদা করে রেখেছে তাঁকে। তিনি সবার দোয়া প্রত্যাশী। একই সাথে সামনে চমক থাকছে বলেও জানান তিনি। তবে সে চমকও আড়ালই করে রাখেন এই সুহাসিনী।