হারের হতাশায় ডুবেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। উলভসের বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার শিষ্যরা এবং ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউ।
তবে প্রতিপক্ষের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে আর্সেনাল।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বোর্নমাউথকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে বিশাল জয় নিয়ে ফিরেছে গানাররা।
প্রথমার্ধে বুকায়ো সাকা ও মার্তিন ওডেগার্ড গোল করেন। দ্বিতীয়ার্ধে কাই হাভার্টজ ও বেন হোয়াইট আরও দুই গোল করেন।
বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ১৭ মিনিটে সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। চলতি মৌসুমে লিগে এটি সপ্তম ম্যাচে এই রাইট উইঙ্গারের চতুর্থ গোল। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গানাররা। পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। চলতি মৌসুমে লিগে তৃতীয় গোল করলেন এই নরওয়েজিয়ান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় রাখে আর্সেনাল। ৫৩ মিনিটে ফের পেনাল্টি পায় গানাররা। এবার স্পটকিক থেকে গোল করেন চলতি মৌসুমে গানার শিবিরে যোগ দেওয়া হাভার্টজ। ম্যাচে গানাররা চতুর্থ গোলটি পায় ম্যাচের যোগ করা সময়ে। ৯৩ মিনিটে ওডেগার্ডের পাস থেকে গোল করেন বেন হোয়াইট।
৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে দুই নম্বরে টটেনহ্যাম। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।