ট্রাম্পকে সামলাতে পারছে না বাইডেন, আবার বাংলাদেশকে হুমকি দিচ্ছে— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, কে কি বললো তাতে কিছু আসে যায় না। বঙ্গবন্ধু কন্যা কোনো বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ছাড়া কোনো ভোট নয়। শেখ হাসিনা ছাড়া বিশ্বাস করার মতো কেউ নাই। সংবিধানই বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ঠিক করবে।
এ সময় নিষেধাজ্ঞার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিষেধাজ্ঞাকে ভয় করলে এ দেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের সোনালী অর্জন সেগুলো হতো না। ১৫ বছর আগের বাংলাদেশ, ১৫ বছর পরের বাংলাদেশ, ১৫ বছর আগের এই ঢাকা শহর, ১৫ বছর পরের এই ঢাকা শহর; এলিভেটেড এক্সপ্রেসওয়ের আলোতে ঝলমল।