আজ ২৮শে সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি তিনি।
তিনি ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার, ২০১৪ সালে তৃতীয়বার এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকে (অনার্স) ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
এবারের জন্মদিনে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে সেখানে রয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
তবে শেখ হাসিনার অনুপস্থিতিতেই সারা দেশে দিনটি উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন ও কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করবে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কর্মসূচি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাদ জোহর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ জাতীয় নেতা, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এদিকে কাকরাইলের আইডিইবি ভবনে বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে। সেখানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান প্রধান সড়কের শেষ প্রান্তে তুরাগ নদে বিআইডব্লিউটিএ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।