আধুনিক কৃষি গবেষণার পথিকৃৎ, কাজী পেয়ারার জনক হিসেবে খ্যাত, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ইমেরিটাস বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা আর নেই।
গতকাল বুধবার বিকাল ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
তিনি দুই পুত্র, এক কন্যা, পাঁচ জন নাতিনাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তান কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের পদ পরিত্যাগ করে ১৯৭৩ সালে ড. কাজী এম বদরুদ্দোজা দেশের কৃষি গবেষণার দায়িত্ব গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর নির্দেশে তিনি কৃষি গবেষণার সংস্কার, উন্নয়ন ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। তার হাত ধরেই স্বাধীন বাংলাদেশে আধুনিক কৃষি গবেষণার বুনিয়াদ রচিত হয়।
প্রয়াত ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের শীর্ষপদে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
দেশের কৃষি গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি ২০১২ সালে ‘স্বাধীনতা পুরস্কারে’ ভূষিত হন।