বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ (চার্জ) গঠন বাতিল চেয়ে রিভিশন আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান।

গত সোমবার (২৮ আগস্ট) উভয়পক্ষের শুনানি শেষে আজ বুধবার আদেশের দিন ধার্য করা হয়।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির সৃস্টি করা এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদক খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে।

এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় এরই মধ্যে মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।