শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কা যাওয়া হলো না বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসের। জ্বরের কারণে প্রথম দফায় দলের সঙ্গে লঙ্কার ফ্লাইট মিস করেন তিনি। পরের দুইদিনেও শারীরিক অবস্থায় ছিল না উন্নতির খবর। বাধ্য হয়েই তাই বিকল্প ওপেনার বেছে নিতে হয়েছে নির্বাচকদের।

লিটনের জন্য অবশ্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিল টাইগার টিম মানেজমেন্ট। কিন্তু ভাইরাস জ্বর থেকে এখনো সেরে উঠতে পারছেন না তিনি। যে কারণে লিটন পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য এর আগে লিটনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল সাইফ হাসানের নাম। তবে তার ডেঙ্গু ধরা পড়ায় আর বিবেচনা করা যায়নি।