দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন বসছে। সেখানে যোগ দিতে আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় বিদেশ সফর।

সেখানে তিনি আগামী ৭ সেপ্টেম্বর আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সূত্রগুলো রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার কারণে প্রধানমন্ত্রী জাকার্তায় যাচ্ছেন না।

সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন।