অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

এর আগে, এক দফা দাবিতে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে মিছিল নিয়ে রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে রাস্তায় অবরোধ করেন।

শিক্ষার্থীদের অবরোধের ফলে আজিমপুর-সায়েন্সল্যাব রাস্তায় দেখা দেয় যানজট। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

শিক্ষার্থীদের দাবিটি ছিল, সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।