মেজর লিগ সকারে অভিষেকেই দারুণ এক গোলে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসকে ইন্টার মায়ামি হারিয়েছে ২-০ গোলে। দলের হয়ে বাকি গোলটি করেন ডিয়েগো গোমেজ।
বাংলাদেশ সময় রোববার (২৭ আগস্ট) ভোরে মুখোমুখি হয় দুই দল। এদিন নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েছে মেসির।
অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ম্যাচের ৩৭তম মিনিটে নোয়াহ অ্যালেনের বাড়িয়ে দেয়া বল সোজা রেড বুলসের জালে জড়ান দিয়েগো গোমেজ।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
ম্যাচের ৮৭তম মিনিটে গোল করেন মেসি। বেঞ্জামিন ক্রেমাশচির সহায়তায় গোল পান তিনি। তাতে গোল করে জয়ে এমএলএসে অভিষেক রাঙালেন ফুটবলের এই মহাতারকা।
এই লিগে ১১ ম্যাচ জয়হীন থাকা ইন্টার মায়ামি মেসি ম্যাজিকে প্রায় সাড়ে ৩ মাস পর পেলো পূর্ণ পয়েন্টের দেখা।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানিতে থাকা ইন্টার মায়ামি এক ধাপ ওপরে উঠে এসেছে। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।