দেশে এখনো ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, এই অসহনীয় দরিদ্রতা কমানোর লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে।
রবিবার (২৭ আগস্ট) রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখনো ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতার মধ্যে রয়েছে। সরকার সেটা কমানোর লক্ষ্যে এখন কাজ করছে। দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই পরবর্তীতে সম্পদের মালিক হয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, তবে ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমার মনে হয় মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবার, ওষুধ-টয়লেট বেশি জরুরি।