ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। বছর দুয়েক ধরেই আড়ালে আছেন তিনি। সোশ্যাল মিডিয়া কিংবা মুঠোফোনেও হদিস মিলছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার।

গুঞ্জন রয়েছে, বিয়ে করে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত আছেন পপি। তবে বাস্তবে এ ঘটনার সত্যতা মেলেনি।

একসময় নিয়মিত এফডিসি কিংবা শোবিজ পাড়ায় দেখা মিললেও এখন পপির নাগাল পাচ্ছেন না তার ঘনিষ্ঠরাও। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না কোথায় আছেন তিনি।

এই নায়িকার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বিয়ে করে সংসার নিয়েই ব্যস্ত আছেন পপি। পর্দার সামনেও আর আসতে চাইছেন না। স্বামীর ইচ্ছেতেই মিডিয়া জগত থেকে আড়াল করে রেখেছেন নিজেকে।

এদিকে ২০২০ সালে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে প্রযোজকের থেকে টাকা নিয়েছিলেন পপি। শ্যুটিং শুরুর কথা ছিল তার পরের বছর। এই এক বছরে নিয়মিত মিটিং করেন, সিনেমা নিয়ে আলোচনা সারেন নির্মাতাদের সঙ্গে। কিন্তু ছবির শ্যুটিং শুরু হতে যখন মাত্র একমাস বাকি, সেইসময়েই হঠাৎ উধাও হয়ে যান জনপ্রিয় এই অভিনেত্রী।

বর্তমানে তিনি কোথায়, তা যেন ঢাকা সিনেমা জগতের কাছে এক রহস্য!