বিএনপির লাফালাফি গোলাপবাগের গরুর হাটে গিয়ে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সব কমে গেছে, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে ঢেউ আর আসে না। ভাঙা হাটে কেউ আসে না, বাজার ভেঙে গেছে। বিএনপির বাজার ভাঙা হাটের মতো ভেঙে গেছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কি গর্জন ১০ তারিখে! ডিসেম্বরে নাকি খালেদা জিয়া ক্ষমতায় বসে দেশ চালাবে, তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবে। কোথায় গেল লাফালাফি? এই লাফালাফি গোলাপবাগের গরুর হাটে গিয়ে শেষ। তারপর পদযাত্রা থেকে শুরু করে মানববন্ধন। এসব প্রোগ্রাম বিএনপি করে আন্দোলন জমানোর চেষ্টা করল।
তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন এক তারিখ এবং দুই তারিখে। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করব, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম।