হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের মুকুটে নতুন আরও একটি পালক যুক্ত করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। অনন্য এক মাইলফলক স্পর্শ করে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।

বৃহস্পতিবার আফগানদের বিপক্ষে হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন বাবর আজম। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। এছাড়া ১০০ ইনিংস খেলার পর বাবরই একমাত্র ব্যাটার, যিনি পাঁচ হাজারের বেশি স্কোর করেছেন।

বাবর আজম এদিন ৬৬ বলে ৫৩ রান করেন। ওয়ানডেতে এখন তার রান ৫১৪২। যেটা এই ফরম্যাটে ১০০ ইনিংস খেলা কোনও ব্যাটারের সর্বোচ্চ রান।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ১০০ ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৪৯৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস রয়েছেন তিনে। তিনি ওয়ানডের ১০০ ইনিংসে ৪৬০৭ রান করেছিলেন। ভারতের বিরাট কোহলি অনেক পিছিয়ে। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পর তার স্কোর ছিল ৪২৩০।

অনন্য এই মাইলফলক স্পর্শে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।